কাভার্ড ভ্যান থেকে আমদানির গার্মেন্ট পণ্য চুরির অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গত শনিবার রাজধানীর তুরাগ থানার ধৌড় চৌরাস্তা এলাকা থেকে কার্টুন খুলে মাল চুরির সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ মো. মঞ্জুরুল ইসলাম, মো. রাসেল ওরফে শাহজাহান, মো. মনির হোসেন, মো. খোরশেদুল আলম ওরফে মামুন, মো. নাজিম, মো. মধু শেখ ও মো. আ. করিম। এ সময় তাদের কাছ থেকে মেসার্স লেনী এ্যাপারেলসের ২৫৯টি কার্টনে ৩১০৮ পিস গার্মেন্ট পণ্য উদ্ধার করা হয়।
গতকাল রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাই ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। পরিকল্পিতভাবে গার্মেন্ট শিল্পের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য মালামাল বিদেশে পাঠানোর সময় কার্টন খুলে কিছু বের করে নেয় এবং ওভাবেই কার্টন চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেয়। বিদেশে পৌঁছালে আমদানিকারকরা মালামাল কম পায়। এতে বিভিন্ন কোম্পানিকে জরিমানা গুনতে হয়।’
তিনি বলেন, গত কিছু দিনে এ রকম বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে এবং বিভিন্ন থানায় এ বিষয়ে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ গত ৩০ মে মেসার্স লেনী এ্যাপারেলসের ৩১০৮ পিস গার্মেন্ট পণ্য নিয়ে কাভার্ডভ্যান চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা করে। কিন্তু এটি বন্দরে না পৌঁছে নিখোঁজ হয়। পরে ডিবির অভিযানে মালামালসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।