দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। রোববার ওভালে প্রোটিয়াদের ২১ রানে হারিয়েছে টাইগাররা। ব্যাটে-বলে বাংলাদেশ ছিল দুর্দান্ত। দলীয় ও ব্যক্তিগত মিলে একাধিক রেকর্ড হয়েছে টাইগারদের। ম্যাচের জয়ের নায়ক সাকিব আল হাসান তো বলেই দিলেন এটা আমাদের অন্যতম সেরা জয়।
এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে যা টাইগারদের সর্বোচ্চ রানের ইনিংস। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে যোগ করেন ১৪২ রান। বিশ্বকাপে যা যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
এ ছাড়া সাকিব আল হাসান ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকারের নজির গড়েছেন। ব্যাট হাতে ৭৫ রানের পর বল হাতে ১ উইকেট ও ১টি ক্যাচ নিয়ে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।
জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বললেন, ‘‘আমি মনে করি এটা আমাদের অন্যতম সেরা জয়। এর আগের বিশ্বকাপগুলোতে আমরা বেশ কিছু অঘটন ঘটিয়েছিলাম। কিন্তু এই টুর্নামেন্টে আমরা কিছু প্রমাণ করতে চাই। সেই দিক থেকে বলব শুরুটা এর চেয়ে ভালো হতে পারত না।’’
তবে নিজেদের কাজটা কেবল শুরু হলো বলে মনে করেন সাকিব, ‘‘এখানে আসার আগে আমরা বিশ্বাস ছিল এমন জয় এবং মোমেন্টামটা ধরা আমাদের দরকার। ড্রেসিংরুমের সবাই খুব খুশি। তবে তারা জানে তাদের কাজটা কেবল শুরু হলো।’’
ইংলিশ কন্ডিশন নিয়ে সাকিব বলেন, ‘‘আমি দুই বছর উস্টারশায়ারে খেলেছি। তাই আমি জানি এখানকার কন্ডিশন। এখানে আমরা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছি। উইকেট এখানে কেমন আচরণ করে সেটি আমাদের জানা।’’
মুশফিকের সঙ্গে রেকর্ড জুটি নিয়ে বললেন, ‘‘রেকর্ডের কথা জানতাম না। আমরা ভালো শুরু পেয়েছিলাম এবং দুজনই জানতাম আমাদের শুরুটা ভালো করতে হবে। আমাদের আত্মবিশ্বাস এই মুহূর্তে দারুণ।’’
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন কেনিংটন ওভালে হবে ম্যাচটি। সেই ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘‘পরবর্তী ম্যাচটি আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে। তারা খুবই শক্তিশালী দল। তবে আমরা নিজেদের সেরাটা খেলতে চাই।’’