ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে এবারের বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসও তুঙ্গে। প্রথম ম্যাচেই তাদের ভেলকি দেখলো ক্রিকেট বিশ্ব। লড়াকু এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে তারা। দলটির পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। টাইগারদের এবারের বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ আখ্যা দিয়েছেন তিনি।
রোববার কেনিংটন ওভালে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় পায় বাংলাদেশ। মাশরাফী বিন মোর্ত্তজার দলের বেধে দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ৩০৯ রানে থেকে যায় প্রোটিয়াদের রানের চাকা। রোমাঞ্চকর এক জয়োল্লাসে মাতে লাল-সবুজরা।
এবারের বিশ্বকাপে কোন দল হতে পারে ডার্ক-হর্স। এ নিয়ে তর্ক থাকলেও এই তকমাটা বাংলাদেশকেই দিতে চান ভন। প্রোটিয়াদের বিপক্ষে সাকিব-তামিম-মুশফিকদের ম্যাচ দেখে রীতিমত মুগ্ধ বর্তমানে ধারাভাষ্যে ক্যারিয়ার গড়া সাবেক এই ইংলিশ ক্রিকেটার।
ম্যাচ শেষে এক টুইট বার্তায় বাংলাদেশের প্রশংসা করে ভন বলেন, “বাংলাদেশ দুর্দান্ত একটি ব্যাটিং দল...দক্ষতা এবং স্বাধীনতায় পরিপূর্ণ!! একইসাথে অভিজ্ঞও... সম্ভবত বাংলাদেশই টুর্নামেন্টের ডার্ক হর্স!!”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে প্রশংসা করেছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগও। টুইটারে মাশরাফীবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি- “অভিন্দন টাইগার্স। খুব ভালো খেলেছো। জয়টা তোমাদের প্রাপ্য ছিল।”
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইটারে লিখেছেন, “কী নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।”