কয়েক দিন আগে মারা গেছেন অজয় দেবগনের বাবা বীরু দেবগণ। বলিউডে দীর্ঘদিন স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন তিনি। তাকে শ্রদ্ধা জানিয়ে দেবগন পরিবারকে চিঠি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওই চিঠিতে বীরুর প্রয়াণকে ইন্ডাস্ট্রির বড় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত জীবনে খুব সাহসী ছিলেন বীরু। বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক ছবিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সেই স্পিরিটকে স্যালুট জানিয়েছেন মোদি।
এই চিঠি পেয়ে দারুণ আপ্লুত দেবগন পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রতি তাদের শ্রদ্ধার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অজয়। শেয়ার করেছেন সেই চিঠিও।
অমৃতসরে জন্মগ্রহণ করেন বীরু। বলিউডে ৮০টিরও বেশি ছবিতে সফলভাবে কাজ করেছেন তিনি। তার চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগন পরিচালনার সঙ্গে যুক্ত।