আটকের দুই দিন পর ‘বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুফিজুর রহমান (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশের দাবি। রোববার ভোরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুফিজুর ওই এলাকার গোলাম আকবরের ছেলে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, দুই দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি মুফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে ওই স্থানে আগে থেকে ওৎপেতে থাকা মুফিজুর রহমানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে মুফিজুর গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।