বিতর্কের মধ্যেই যোগীর রাজ্যে হিন্দিতে ফেল ১০ লাখ

ভারতের সব রাজ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাবের ভেতর উত্তর প্রদেশে হিন্দি শিক্ষার করুণ চিত্র ফুটে উঠেছে। যোগী আদিত্য নাথের রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণিতে ১০ লাখ শিক্ষার্থী হিন্দিতে ফেল করেছেন!

হিন্দি বাধ্যতামূলক করার খবর পেয়ে ভারতজুড়ে প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তারা এই নীতিকে বিজেপির ‘নিজস্ব দর্শন’ বলে মনে করছেন।

উত্তর প্রদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সচিব নীনা শ্রীবাস্তব বলেছেন, ‘কেন হিন্দিতে এত শিক্ষার্থী ফেল করেছে তার কারণ নিশ্চিত করে বলা কঠিন। হতে পারে তারা অন্য বিষয়ের চেয়ে হিন্দিকে কম গুরুত্ব দিয়েছে।’

এর আগে খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে গুজরাটি শিক্ষার বেহাল দশা সামনে আসে। সে রাজ্যে দশম শ্রেণির পরীক্ষায় গুজরাটি মাধ্যম স্কুলের চেয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পাশের হার ২৩.৫৩ শতাংশ বেশি ছিল।

ইংরেজি মাধ্যম স্কুলে পাশের হার যেখানে ৮৮.১১ শতাংশ, সেখানে গুজরাটি মাধ্যম স্কুলে পাশ করে ৬৪.৫৮ শতাংশ শিক্ষার্থী।