কুকুরের কামড়ের পর শিশুর মুখে ১ হাজার সেলাই!

হিংস্র প্রজাতির এক কুকুরের কামড়ের পর সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাত বছর বয়সী এক শিশুকে বাঁচাতে তার মুখে এক হাজারটি সেলাই দিতে হয়েছে চিকিৎসকদের।

ফক্স নিউজ জানিয়েছে, গত শুক্রবার ওই শিশুটি আক্রমণের শিকার হয়। ২ বছর বয়সী ওই কুকুর অকিতা প্রজাতির।

লস অ্যাঞ্জেলেসের থেকে ৭৫ মাইল দূরের দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থিত রোমল্যান্ডে মেয়েটির বাড়ি।

পশু বিষয়ক সংস্থা রিভারসাইড কাউন্টি ডিপার্টমেন্ট মেয়েটির নাম প্রকাশ করেনি। কর্মকর্তারা জানিয়েছেন, সে পরিবারের সঙ্গেই ছিল। পোষার জন্য নতুন একটি কুকুর নিতে চেয়েছিল তারা।

কুকুর কামড়ানোর পর তৎক্ষণাৎ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

এই ঘটনার পর পশু বিষয়ক ওই সংস্থা এই প্রজাতির কুকুর আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে।