যুক্তরাজ্যে গেলেন ট্রাম্প: আলোচনায় গুরুত্ব পাবে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। তার সঙ্গে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব এয়ার ফোর্স ওয়ান স্ট্যান্সটেড এয়ারপোর্টে অবতরণ করে।

বিবিসি জানায়, তিন দিনের এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। থেরেসার সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে প্রসঙ্গ। এ ছাড়া দ্বিপক্ষীয় আলোচনায় থাকছে জলবায়ু ইস্যুও।

২০১৭ সালে জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় যুক্তরাজ্য হতাশা প্রকাশ করে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, সোমবার ট্রাম্পের সঙ্গে থেরেসার আলোচনায় এ বিষয়টি উঠে আসবে। 

এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দুই নেতা জানিয়েছেন, ট্রাম্প-থেরেসার আলোচনায় হুয়াওয়েকেও নিয়ে আলোচনা হতে পারে।

নিরাপত্তা হুমকিস্বরূপ চীনা কোম্পানিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। এ নিয়ে বেইজিংয়ের সঙ্গে নতুন এক বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি চলছে ওয়াশিংটনের। মিত্র দেশগুলোকে যুক্তরাষ্ট্র হুয়াওয়ে বর্জন করার আহ্বান জানালেও যুক্তরাজ্য ফাইভ জি প্রযুক্তির নেটওয়ার্ক কিনতে যাচ্ছে চীনা কোম্পানিটি থেকেই।   

এদিকে ট্রাম্পের যুক্তরাজ্যের সফরে বিরোধিতা করে বিক্ষোভ করছে একাধিক ব্রিটিশ নাগরিক সংগঠন। তিন দিন ধরে লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বার্মিংহামসহ বড় শহরগুলোতে এ বিক্ষোভ চালিয়ে যাবে তারা।