জিতকে ফিরিয়ে দিলেন দেবের বান্ধবী

রুক্মিণী মৈত্রের বড় পরিচিতি দেবের বান্ধবী তিনি। এই জুটি মাত্র দু’বছরে চ্যাম্প, ককপিট, কবীরের মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। আর প্রতিটির ব্যানার ছিল দেব এন্টারটেইনমেন্ট।

ঈদুল ফিতরে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘কিডন্যাপ’ মুক্তি পাচ্ছে। পূজায় আসবে দেবের প্রযোজনা সংস্থার ‘পাসওয়ার্ড’। দুই ছবিরই নায়ক সেই দেব।

এর জন্য দুটি বড় ব্যানারের প্রস্তাব ছেড়ে দিয়েছেন নায়িকা। নইলে এত দিনে জিতের বিপরীতেও দেখা মিলত রুক্মিণীর।

কমেডি ধর্মী ‘বাচ্চা শ্বশুর’ প্রস্তাব করা হয়েছিল রুক্মিণীকে। ছবিটি করতে পারেননি তিনি। এই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন জিৎ। অন্যদিকে, ঈদে মুক্তি পাচ্ছে জিৎ-কোয়েল জুটির নতুন ছবি ‘শেষ থেকে শুরু’। এই ছবিও অফার করা হয়েছিল রুক্মিণীকে, কিন্তু তিনি করতে পারেননি।

দুটি ছবিরই পরিচালনা করেন রাজ চক্রবর্তী। যার হাতে ‘চ্যাম্প’-এর মাধ্যমে রুক্মিণীর চলচ্চিত্র অভিষেক হয়।

এখন বলা হচ্ছে, জিতের ছবিগুলো করতে না পারার পেছনে কারণ ছিল শিডিউল। ‘বাচ্চা শ্বশুরে’র সময় ‘কিডন্যাপ’-এর জন্য ডেট দিয়ে ফেলেছিলেন। আর ‘শেষ থেকে শুরু’র সময় কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ ছবির জন্য লন্ডন পাড়ি দেন নায়িকা।

ইতিমধ্যে জিৎ পরবর্তী প্রজেক্ট ঠিক করে ফেলেছেন। অবশ্য সেই সিনেমায় রুক্মিণীকে প্রস্তাব দেওয়া হয়েছে কিনা জানা যায়নি।