বিচ্ছেদের জন্য সঙ্গীর পরকীয়াকেই দায়ী করলেন ক্লোয়ি কার্দাশিয়ান

মার্কিন রিয়্যালিটি টিভি তারকা ক্লোয়ি কার্দাশিয়ান জানিয়েছেন, পরকীয়ার জন্যই সঙ্গীর সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। বিচ্ছেদের পর এমন কথা আগে কখনো তার মুখে শোনা যায়নি।

‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’র রোববারের পর্বে বাস্কেটবল খেলোয়াড় থম্পসনের ব্যাপারে খোলামেলা আলোচনা করেন ৩৪ বছর বয়সী এই তারকা। গত বছর তার মেয়ের জন্মের দুইদিন আগে থম্পসনের পরকীয়ার বিষয়টি মিডিয়ায় জানাজানি হয়।

ওই সময় টিএমজেডের একটি ভিডিওতে নিউইয়র্ক সিটির লাউঞ্জে কোনো এক ‘পরনারী’কে চুমু খেতে দেখা যায় তাকে। ২০১৭ সালেও এমন আরেকটি ভিডিও প্রকাশ করে তারা।

ঘটনাগুলোর পর কার্দাশিয়ান প্রাথমিকভাবে সঙ্গীকে ক্ষমা করে দেন। কিছুদিন একসঙ্গেও থাকেন।

সম্প্রতি যে টিভি শো’তে তাকে দেখা গেছে, সেটি অনেক আগে ধারণ করা। সম্ভবত বিচ্ছেদেরও আগে। তার কথা শুনে বোঝা যায় দুই নারীর সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক তিনি মানতে পারছিলেন না, ‘শুরুতে আমি চুপ ছিলাম। কিছুই হয়নি, এমন আচরণ করে গেছি। কিন্তু আর কতদিন! এভাবে থাকা যায় না। ওর বিশ্বাসঘাতকতা সম্পর্কটাকে গুঁড়িয়ে দিয়েছে।’