লোকসভা নির্বাচনে ৫৪২-র মধ্যে ৩০৩টি আসন পেয়েছে বিজেপি। দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় নরেন্দ্র মোদি সরকার।
মন্ত্রিসভাও গঠন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভাগ করে দেওয়া হয়েছে দপ্তরও। মন্ত্রিসভার দপ্তর বন্টনে আপ্লুত সালমান খান। ট্যুইট করে মোদিকে সেকথা জানিয়েছেন তিনি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বলিউড তারকাদের সুসম্পর্ক যে রয়েছে, তা যদিও সকলেরই জানা। শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছে একাধিক তারকাকে।
ছিলেন কঙ্গনা রানাউত, শাহিদ কাপুর, করণ জোহরের মতো বলিউড ব্যক্তিত্ব। সালমান ছিলেন না ঠিকই।
তবে রবিবার ট্যুইট করে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সকলকে শুভেচ্ছা জানান বলিউডের ভাইজান। প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে তিনি লেখেন, ‘দুরন্ত একটি দলের জন্য সম্মানীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। শক্তিশালী এবং বৈষম্যহীন ভারত গড়ে তোলার উদ্যোগের ক্ষেত্রে সমগ্র মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাচ্ছি৷’
তবে এই প্রথমবার নয়। এর আগে লোকসভা ভোটে জয়ের পরেও টুইটে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন সালমান খান। ট্যুইট করেছিলেন, ‘এই বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। ভারতকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে আপনার পাশে রয়েছি আমরা।’
তবে নিন্দুকরা এই ইস্যুতেও সমালোচনা করতে ছাড়ছেন না। অনেকেই বলছেন, ‘ভারত’ ছবি মুক্তির আগে প্রচারে থাকতেই নাকি এসব করছেন সালমান৷ তবে দাবাং খান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
সূত্র: হিন্দুস্থান টাইমস