পাকিস্তানকে পাত্তা দিচ্ছেন না হরভজন

বিশ্বকাপে আগের ছয়বারের দেখায় একবারও ভারতের সঙ্গে জেতেনি পাকিস্তান। আগামী ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচে পাকিস্তানের জেতার কোনো সম্ভাবনাই দেখছেন না ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এমনকি বর্তমান পাকিস্তান দলের সঙ্গে দশবার খেলা হলে ভারত নয়বারই জয়লাভ করবেন বলে মনে করেন তিনি।
ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডেকে হরভজন বলেন, ‘পাকিস্তান ফর্মে নেই, বর্তমান দল অভিজ্ঞতার দিকে দিয়েও পিছিয়ে। অতীতের পাকিস্তান দলকে হারানো কঠিন ছিল কিন্তু বর্তমান পাকিস্তান দল ভারতের সঙ্গে ১০ বার খেললে ৯ বারই হারবে।’ পাকিস্তান এর আগেও যে ভারতের সঙ্গে জেতেনি সেই কথা মনে করিয়ে দিয়ে হরভজন বলেন, কোনো সুযোগ নেই (জয়ের)। অতীতে যখন পাকিস্তান গ্রেট টিম ছিল তারাও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি। এই দল কীভাবে পারবে?’
ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে ইংল্যান্ড ও ভারতের ম্যাচ বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে যারা বিশ্বাস করেন তাদের উদ্দেশে হরভজন বলেছেনÑ পাকিস্তানের বিপক্ষে বেশি চাপ অনুভব করবে ভারত। বলেন, ‘ভারতের ওপর চাপটা বেশি থাকবে। শক্তিশালী দলের সবসময় ভয় থাকে হারার। পাকিস্তানের বিপক্ষে হারাটা অসহনীয় চাপের কেননা আমি জানি ওদের সঙ্গে হারলে ভারতে কী ঘটে।’
এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ইউনুস খান বলেন, ‘বর্তমান ভারতীয় দল খুবই অভিজ্ঞ। দলটির বেশিরভাগ খেলোয়াড় অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। আর পাকিস্তানে আছে কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড়।’