বিশ্বকাপ চলাকালে বিশ্বকাপের গল্পই হবে। এর বাইরে কিছু হওয়ার কথা না। কিন্তু পাকিস্তান-ভারত লড়াই সবসময়ই স্পেশাল। এ নিয়ে গল্প যেকোনো সময়ই হতে পারে। সেটাই হলো, ওয়াসিম আকরাম স্মৃতিচারণ করলেন শচীন টেন্ডুলকারকে প্রথম সেøজিং করার মুহূর্ত। তাতে উঠে এলো, শচীনকে প্রথম দিনই গ্রেট ব্যাটসম্যান হিসেবে চিনতে পারার স্বীকারোক্তি।
টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ৪০০ উইকেটের কোটা পার করা ওয়াসিম ১৯৮৯ সালের কথাই জানালেন। যেবার পাকিস্তানের প্রথম সিরিজ খেলতে যান শচীন। মাত্র ১৬ বছর বয়সী ব্যাটসম্যান টেস্ট খেলছে এটা বিস্মিত করেছিল ওয়াসিমকে। তাই তখনকার বোলিং জুটি ওয়াকার ইউনিসকে নিয়ে শচীনকে দেখে নেওয়ার পরিকল্পনা করেন সাবেক পাকিস্তান গ্রেট, ‘১৯৮৯ সিরিজটির আগে আমরা পত্রিকায় দেখলাম ভারত ১৬ বছরের এক ছেলেকে নিয়ে আসছে। যে নাকি ওদের ঘরোয়া ও স্কুল ক্রিকেটে দারুণ করেছে। আমরা বিস্মিত হলাম যে, ১৬ বছরের বালক কতই বা ভালো হবে যে টেস্ট খেলতে আসছে। তখন আমরা বয়স ২০ আর ওয়াকারের ১৮। প্রথম টেস্টে শচীনকে দলে দেখে বিস্ময় আরও বেড়ে যায় আমাদের। তখনই ওয়াকারকে নিয়ে পরিকল্পনা করি ক্রিজে ওকে পরখ করার।’
শচীন ক্রিজে নামার পর ওয়াকারকে নিয়ে ছাপিয়ে পড়েছিলেন ওয়াসিম। কঠিন সব ডেলিভারি দিয়েছেন, সেøজিং করেছেন। কিন্তু শচীনের কাছ থেকে কোনো প্রতিউত্তর পাননি। জানালেন, তখনই বুঝে যান এই ছেলেটা কত বড় ক্রিকেটার হতে যাচ্ছে, ‘শচীন যখন এলো, বোলিং ও সেøজিং দিয়ে ওকে আক্রমণ করলাম। কিন্তু এর কোনো উত্তর নেই, সে খুব শান্ত খেলছিল। আমাদের কোনো কথারই উত্তর দিচ্ছিল না সে। বুঝলাম সে বড় কিছু হতে যাচ্ছে, কারণ বড় ক্রিকেটাররা শুধু নিজের খেলার দিকেই মন দেয়, অন্য কিছু তার চিন্তা কেড়ে নিতে পারে না। শচীনকেও সেদিন ওই রকম দেখেছিলাম।’