ঈদে আ.লীগের কম নেতাই গ্রামমুখী

এবারে গ্রামে গিয়ে ঈদ করার মত আগ্রহ কম দেখা গেছে আওয়ামী লীগের নেতাদের ভেতরে। কেউ দেশের বাইরে, কেউ ঢাকায়ই ঈদ করবেন।

কয়েকজন নেতা নিজ নির্বাচনী আসনে ঈদ করতে গেলেও দিনে দিনেই চলে আসবেন ঢাকায়। নির্বাচনের আগে ঈদগুলোতে যেমন নেতারা গ্রামমুখী ছিলেন এই ঈদে তেমনটা নেই।

গ্রামে রাজনৈতিক কোনো কার্যক্রমও এবার নেই আওয়ামী লীগ নেতাদের।

এবারের ঈদ দেশের বাইরে কাটাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও।

সরকারি কাজে জাপান, সৌদি আরব সফর শেষে তিনি ফিনল্যান্ডে ঈদ করবেন। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উদযাপন করছেন ঢাকায়। সংসদ ভবন মসজিদে ঈদের নামাজ আদায় করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ। এই কারণে তিনি এবারও ঢাকায় ঈদ করছেন।

তবে প্রতিবারের মতো এবারও নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করছেন ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও তোফায়েল আহমেদও তার নির্বাচনী এলাকা ভোলায় ঈদ করছেন।

সভাপতিমন্ডলীর আরেক সদস মোহাম্মদ নাসিম এবার ঈদ করছেন ঢাকায়। তবে এরই মধ্যে তিনি নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন।

সভাপতিমন্ডলীর অন্যদের মধ্যে মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, খাদ্যমন্ত্রী মন্ত্রী ড. আবদুর রাজ্জাক ঢাকায় ঈদ করবেন।

এ ছাড়া কাজী জাফর উল্লাহ নিজ এলাকা ফরিদপুরে, আবদুল মতিন খসরু ঈদ করবেন কুমিল্লায়। সভাপতিমন্ডলীর আরেক সদস্য নুরুল ইসলাম নাহিদ ঈদ করছেন ঢাকায়। ফারুক খানও ঢাকায় ঈদ করবেন। ক্যান্টনমেন্ট মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ কানাডায় রয়েছেন। সেখানেই তিনি এবার ঈদ করবেন বলে জানা গেছে।

যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও এবারর ঈদে দেশের বাইরে রয়েছেন।

বাকি দুজনের মধ্যে জাহাঙ্গীর কবির নানক প্রতি বছরের মতো এবারো ঢাকায় করবেন।

আর আব্দুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে। ঈদের পরে তার দেশে ফেরার কথা রয়েছে।

সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন ঈদ করবেন নিজ এলাকা নেত্রকোণায়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুরের নড়িয়ায়, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল নিজ এলাকা চট্টগ্রামে ঈদের নামাজ পড়বেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রয়েছেন দেশের বাইরে। তিনিও ঢাকায় ফিরবেন ঈদের পরে।

বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন ঈদ করছেন ঢাকায়।

সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ঈদের দিন সকালে ঢাকায় থাকলেও বিকেলে চলে যাবেন নিজ এলাকা নেত্রকোনায়।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর নিজ এলাকা কুমিল্লায়। দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপদপ্তর সম্পাদক  ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া ঈদ করছেন ঢাকায়।

তবে ঈদের পর বিপ্লব বড়ুয়া চট্টগ্রামে যাবেন বলে জানিয়েছেন।

এছাড়া দলের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঢাকায় ঈদ উদযাপন করবেন।

আর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ঈদ করছেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে।