‘চুরির’ অভিযোগে থানায় বলিউডের আয়ুষ্মান

‘বালা’ ছবি শুরু হতেই দারুণ বিপদে পড়তে হল নির্মাতাদের। ছবিটির সঙ্গে জড়িত অভিনেতা আয়ুষ্মান খুরানা, পরিচালক অমর কৌশিক এবং প্রযোজক দীনেশ বিজনকে যেতে হয়েছে থানায়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের মীরা রোডের বাসিন্দা কমলকান্ত নানক চন্দ্র নামে এক ব্যক্তি এই তিন জনের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ এনেছেন। রোববার ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই পুলিশ চিঠি পাঠিয়ে হাজিরার নির্দেশ দেয় আয়ুষ্মান এবং খ্যাতনামা প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের পরিচালক অমর কৌশিক ও প্রযোজক দীনেশ বিজনকে।

কমলকান্তও নিজেও একজন পরিচালক। তার অভিযোগ, তিনি ব্যক্তিগতভাবে একটি চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন বহু দিন ধরে। ‘বালা’র গল্প যার সঙ্গে হুবহু মিলে যায়। আয়ুষ্মানকে মাথায় রেখেই তার গল্পের মূল চরিত্র সাজাচ্ছিলেন। লেখা শেষ হতেই আয়ুষ্মানের হোয়াটসঅ্যাপে পুরো চিত্রনাট্য পাঠান পড়ার জন্য।

আয়ুষ্মান নাকি সেই চিত্রনাট্য পাঠিয়ে দেন কৌশিক এবং বিজনকে। এমনকী তার কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই সেই ছবি তৈরির কাজ শুরু করে দেন তারা!

এই ঘটনায় নিজেকে প্রতারিত বলে মনে করে কমলকান্ত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও মনে করেন তিনি।