চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে জাহিরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরের দিকে উপজেলার গিলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জাহিরুল ভোলাহাট উপজেলার ফুটানীবাজার এলাকার এনা মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জাহিরুলের সঙ্গে কয়েকজন যুবক বাংলাদেশের গিলাবাড়ি সীমান্তের সীমান্ত পিলার ২০০ গজের পাশ দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সময় বিএসএফ ৪৪ ব্যাটালিয়নের কৃষ্ণপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এসময় জাহিরুল বাংলাদেশি সীমান্ত থেকে ১০০ গজের ভেতরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। জাহিরুল মারা গেলেও তার সঙ্গে থাকা সঙ্গীরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, নিহত যুবক সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চাওয়া হলে ভারতীয় পুলিশের মাধ্যমে ময়না-তদন্তের পর মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানায়।