সূত্রাপুরে অপহৃত শিশু উদ্ধার চাঁদপুর

রাজধানীর সূত্রাপুরে মোস্তাকিম নামে তিন বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী মো. ইমরানকে (২০) গ্রেপ্তারসহ অপহৃতকে উদ্ধার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর জেলার হাইমচর থানার নয়ানি লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে অপহরণকারী ইমরানকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ। 

এ সময় তার শিশু মোস্তাকিমকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে ১টার মধ্যে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গলের মার্কেটে ওঠার সিঁড়ির সামনে থেকে মোস্তাকিমকে অপহরণ করে নিয়ে যায় ইমরান। 

এরপর শনিবার সূত্রাপুর থানায় একটি অপরহরণ মামলা হয়।

মামলাটি তদন্ত শুরু করে সংশ্লিষ্ট থানা পুলিশ। তদন্তকালে ইস্ট বেঙ্গলের মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সূত্রাপুর থানা পুলিশ। 

সিসিটিভি ফুটেজে দেখা যায় উক্ত মার্কেটের লেবার ইমরান, মোস্তাকিমকে অপহরণ করে নিয়ে যাচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, মোস্তাকিমকে সে তার কথিত বোন শাকিলা আক্তার লিজার কেরানীগঞ্জের বাসায় নিয়ে যায়। সেই বোন তার বাসায় না রাখায় পরে ট্রেনযোগে কমলাপুর থেকে লাকসাম হয়ে চাদঁপুরের হাইমচর ইমরানের ভাড়া বাড়িতে তাকে নিয়ে রাখে।