বাংলাদেশের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আনছে না নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ নিয়েই টাইগারদের মুখোমুখি হবে কিউইরা।
বুধবার ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম ল্যাথাম এসেছিলেন সংবাদ সম্মেলনে। তিনি জানিয়েছেন, অভিন্ন একাদশ নিয়েই খেলতে যাচ্ছেন তারা।
নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় খুব সহজেই। কার্ডিফে টস হেরে আগে ব্যাট করতে নামা লঙ্কানদের ১৩৬ রানেই গুটিয়ে দিয়েছিল কিউইরা। এরপর ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। ওভালেই আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করেছিল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ৮ উইকেটে ৩০৯ রানে।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।