‘আশীর্বাদের বৃষ্টিতে’ ঈদগাহে মমতা, দিলেন মানবতার বার্তা

সকাল থেকে বৃষ্টি। মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কি না, তা নিয়ে পশ্চিমবঙ্গের রেড রোডের মুসল্লিরা ছিলেন অন্ধকারে। নামাজ শেষ হতেই দেখলেন মুখ্যমন্ত্রী হাজির! মাইক্রোফোন হাতে নিয়ে ঈদদিনের বৃষ্টিকে ‘আশীর্বাদের বৃষ্টি’ বলে আখ্যায়িত করে দিয়ে যান মানবতার বার্তা।

 ‘এই বৃষ্টি আপকা আশীর্বাদ হে,’ এভাবে হিন্দিতে শুরু করার আগে মমতা বাংলায় সবাইকে শুভেচ্ছা জানান, ‘আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।’

মমতা বলেন, ‘আপনাদের এক মাসের রোজায় আল্লাহ খুশি হয়ে এই বৃষ্টি পাঠিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।’

মঙ্গলবার রাতে চাঁদ দেখার পর ভারতে ঈদের ঘোষণা দেওয়া হয়। দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ওইদিন রাত ৮.১৫ মিনিটে এ খবর জানান নাসির ইব্রাহিম। ঈদ ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মমতার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।