কোহলিকে রাজা বানিয়ে দিলো আইসিসি!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। ম্যাচটির আগেই অবশ্য দলটির অধিনায়ককে রাজা বানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি!

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটারে কোহলির একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে কোহলির গায়ে রাজার সাজপোশাক! ছবিতে ক্রিকেটে কোহলির র‍্যাকিং ও ভারতের বিশ্বকাপ জয়ের সাল উল্লেখ করা হয়েছে।

সিংহাসনে বসা কোহলির এক হাতে বল এবং অন্য হাতে ব্যাট। পেছনে ভারতের পতাকার তিনটি রং। কোহলির মাথায় ব্রিটিশ রানীর মতো মুকুট! বিশ্বকাপ চলাকালে নির্দিষ্ট দলের অধিনায়কের এমন রাজকীয় ছবি প্রকাশে অনেকেই বিরক্ত হয়েছেন। কেউ কেউ আইসিসির সমালোচনাও করেছেন।

অন্যদিকে অনেকে মন্তব্য করেছেন, ছবিতে যে খেলোয়াড়কে দেখানো হয়েছে তাকে মোটেও কোহলির মতো লাগছে না। তাকে ভারতের আরেক খেলোয়াড় লোকেশ রাহুলের মতো লাগছে।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারত। নিজেদের প্রথম ম্যাচে বুধবার সাউদাম্পটনে রোজ বলে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে তারা।