বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রলবোমা উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বোমাটি পাওয়া যায়।
হাসপাতাল সূত্র জানায়, 'রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে তা নিয়ে যায়।'
পেট্রলবোমা কীভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান।
পেট্রোলবোমা উদ্ধারের পর জানা যায়, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রলবোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, 'দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদের ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।'