তামিমের উপর ‘চাপ’ চান না মাশরাফী

বিশ্বকাপে নিজেকে তেমন মেলে ধরতে পারছেন না তামিম ইকবাল। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই ফিরেছেন থিতু হয়ে। বিশ্ব মঞ্চে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যানের ফর্মহীনতা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে নারাজ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, পাছে তামিমের উপর চাপ তৈরী হয়।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ রান করেছিলেন তামিম। ম্যাচেটিতে অবশ্য ২১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজেকে মেলে ধরতে পারেননি তামিম। ফেরেন ৩৮ বলে ২৪ রান করে। লড়াইয়ে উত্তেজনা ছড়িয়ে কিউদের কাছে শেষ পর্যন্ত দুই উইকেটে হার মানে বাংলাদেশ।

মাশরাফী তামিমের পক্ষ নিয়ে জানালেন, দলের সব ক্রিকেটারই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন; তাই নির্দিষ্ট কারো উপর চাপ না দেওয়ার পক্ষে বাংলাদেশ অধিনায়ক।

“সবসময় তো একটা খেলোয়াড়ের সমান যায় না। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপর এত চাপ সৃষ্টি করা আমার কাছে মনে হয় ঠিক হবে না।”

“সবাই সবার সেরাটা চেষ্টা করছে। কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। এক-দুই ম্যাচ প্রত্যাশামত পারফর্ম করলে হয়ত আত্মবিশ্বাস বেড়ে যাবে। সাকিব দারুণ পারফর্ম করছে দলের জন্য। ওর (তামিমের) হয়ত আরও সহযোগিতা দরকার যা আমরা আজ পারিনি। কারো নাম নিব না, সবাই চেষ্টা করছে। হারার পর আজ নেতিবাচক দিকই সামনে বেশি আসবে। কিন্তু অনেক ইতিবাচক দিকও আছে।”