ভারত’র সাফল্যে ভক্তদের কুর্নিশ জানালেন সালমান

ঈদ মানেই সালমানের ছবি। এ বারও তার অন্যথা হয়নি। ঈদে মুক্তি পেয়েছে ভাইজানের ভারত। ফলও মিলেছে হাতেনাতে। প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।

শুধু তাই নয়, সালমানকে এখনও পর্যন্ত তার কেরিয়ারে মুক্তির দিনে সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে আলি আব্বাস জাফরের ফিল্ম।
প্রথম দিনেই ৪২.৩ কোটি টাকার ব্যবসা করেছে ভারত। দেশের ৪৭০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ভারত সালমানের বাকি সব ব্লকবাস্টারকে পেছনে ফেলে দিয়েছে।

ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর দিনে ছবির মুক্তি নির্মাতাদের কাছে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে কোনও কিছুর পরোয়া না-করে হইহই করে সিনেমা হলে ভিড় জমিয়েছেন সালমান ভক্তরা। ফের নিজেকে ক্রাউড পুলার হিসেবে প্রমাণ করেছেন বলিউডের সুলতান। কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সল্লু মিঞা।

ঈদে মুক্তির ছবিগুলি কখনও প্রথম দিনে সালমানকে নিরাশ করেনি। ২০১৬ সালে সুলতান প্রথম দিনেই ৩৬.৫৪ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। ২০১৭ সালে তার টিউবলাইটও প্রথম দিনে ২১.১৫ কোটি টাকার ব্যবসা করেছে। দাবাং স্টারের শেষ ঈদের রিলিজ রেস থ্রি প্রথম দিন ব্যবসা করেছে ২৯.১৭ কোটি টাকার।

সূত্র: হিন্দুস্থান টাইমস