‘নায়িকাদের মধ্যে বুবলীর বিকল্প হয় না’

৫ জুন ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত এ ছবিতে বুবলীর নায়ক শাকিব খান। ছবিটি প্রযোজনাও করেছেন শাকিব খান। সহ প্রযোজক হিসেবে আছেন ইকবাল।

এদিকে ছবি মুক্তির পরপরই ‘পাসওয়ার্ড’ দেখে আসেন প্রযোজক টপি খান। তিনি ছবি দেখে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রসঙ্গত বুবলীর প্রথম ছবি ‘বসগিরি’ প্রযোজনা করেছেন টপি খান। ফলে বুবলীকে নিয়ে তার উচ্ছ্বাস একটু বেশিই বলা চলে। ‘পাসওয়ার্ড’-এ বুবলীর অভিনয়ের প্রশংসা করে টপি খান লিখেছেন, ‘বুবলী যার বসগিরি থেকে যাত্রা শুরু, আজকে ‘পাসওয়ার্ড’ দেখে মনে হলো নায়িকাদের মধ্যে বুবলী’র বিকল্প হয় না।’

শুধু বুবলী নয়, তিনি পরিচালক মালেক আফসারী, নায়ক শাকিব খান, ইমন, মিশাসহ সবার সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন।

পরিচালকের ব্যাপারে তিনি বলেন, ‘পরিচালক মালেক আফসারী যে গল্প বলতে চেয়েছেন সে গল্পটি পর্দায় পাওয়া গিয়েছে। উনি বুঝিয়ে দিয়েছেন সিনেমা বানাতে বয়স না অভিজ্ঞতা লাগে, দর্শকদের চাহিদা বুঝতে পেরেছেন।’

ছবির অভিনেতা মামনুন হাসান ইমনকে সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘আমার দেখা এই প্রথম ইমন অসাধারণ অভিনয় করেছেন।আসলেই পুরস্কার পাওয়ার মতো অভিনয় করেছেন।’

খলনায়ক মিশা সওদাগর সম্পর্কে তিনি বলেন, ‘আমার মাথায় চুল কম... যার ভয়েস ও অসাধারণ অভিনয় দর্শকদের মাতিয়ে রেখেছেন পুরো সিনেমা জুড়ে তিনি হলেন মিশা সওদাগর।’

তিনি আরও বলেন, ‘শাকিব খানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই।। দিন শেষে মানতে হবে তিনিই সুপারস্টার, যার কৃতিত্ব পুরো সিনেমা জুড়ে।’

শুধু তাই নয়, তিনি প্রশংসা করেছেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবুরও। এবারের ঈদে ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছে ১৮০টি সিনেমা হলে। প্রথম দিন থেকেই বেশ ভালো রেসপন্স পাচ্ছে ছবিটি।