ঈদ উপলক্ষ্যে জহির রায়হানের কালজয়ি উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ অবলম্বনে টেলিছবি নির্মাণ করেছেন নির্মাতা হাসান রেজাউল। এর চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই।
অসাধারণ এই উপন্যাসের ছায়া ধরে একটি বিশেষ গানও থাকছে এই টেলিছবিতে। ‘হয় না কেনো যে জীবন, সাজানো কবিতার মতো, ঘুনপোকা খেয়েই চলেছে, মনের ইচ্ছে যতো, স্বপ্নেরা কাটে সাঁতার, খুঁজে ফেরে জীবনের পাড়, চায় না সে দেখা পেতে আর, মনমরা কোনো সন্ধ্যার, এ বুকে জমেছে মায়া শোক, শেষ বিকেলটা ভালো হোক’ এমনই কথার গানটি লিখেছেন মাসুম আওয়াল।
‘শেষ বিকেলটা ভালো হোক’ শিরোনামের এই গানটির সুর, সংগীত ও কণ্ঠ আহমেদ হুমায়ূনের।
এরই মধ্যে টেলিছবিটির প্রোমোতে গানটির কিছু অংশ উপভোগ করেছেন দর্শক শ্রোতারা। পুরো গানটি দর্শক উপভোগ করবেন টেলিছবিতেই।
গানটি নিয়ে আহমেদ হুমায়ূন বলেন, ‘কালজয়ি একটি উপন্যাস নিয়ে এই টেলিছবি। এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। গানের কথাগুলো ভীষণ সুন্দর। আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার সুর সংগীত গায়কিতে। আশাকরি সবার ভালো লাগবে।’
নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘এই উপন্যাস নিয়ে কাজ করে আমি তৃপ্ত। বেশ কিছু প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে দর্শকের সামনে আসছে টেলিছবিটি। সবাইকে দেখার আমন্ত্রণ জানাই।’
বঙ্গবিডি প্রযোজিত এই টেলিছবিটিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফকরুল বাসার মাসুম, ইরফান সাজ্জাদ, প্রভা, তাসনোভা তিশা, অর্ষা, পাপিয়া, দিলু খান, এজাজ বারী, জামান খান, মনি, দাউদ নুর প্রমুখ।
নির্মাতা হাসান রেজাউল জানান, ঈদের ৬ষ্ঠ দিন দুপুর আড়াইটায় মিনিটে এনটিভিতে প্রচার হবে।