বিএসএমএমইউতে খালেদার নিরাপত্তা বাড়ানোর দাবি বিএনপির

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান।

ভোরে খবর পেয়ে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে একটি পেট্রোলবোমা উদ্ধারের কথা জানায় শাহবাগ থানা পুলিশ।

১ এপ্রিল থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 'দেশের বরেণ্য রাজনীতিবিদ ও চারবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্টারের কক্ষের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনা সারা জাতিকে বিস্মিত ও হতবাক করেছে। এই ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন'।

'আমরা বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশনেত্রী বেগম জিয়া এখনও গুরুতর অসুস্থ, তার বিভিন্ন রোগের চিকিৎসা চলছে। আমি তার নিরাপত্তা ব্যবস্থা জোরালোসহ সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।'

তিনি বলেন, 'যে হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সর্বাধিক জনপ্রিয় নেত্রী ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন সেখানকার নিরাপত্তা বেষ্টনী এতো ঠুনকো থাকার কথা নয়। সেখানে তো নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী থাকার কথা।'

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মশিউর রহমান বিপ্লব উপস্থিত ছিলেন।