‘কফি উইথ করণ’-এসে কার্তিক আরিয়ানের প্রতি তার গোপন ভালোলাগার কথা বলেই ফেলেছিলেন সারা আলি খান।
বাবা সইফের সামনেই জানিয়েছিলেন কার্তিক আরিয়ানকে তিনি ডেট করতে চান। আর ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’-২ ছবিতে কাজের দৌলতেই সারা ও কার্তিকের মধ্যে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে।
কখনও তাদের একসঙ্গে ডিনারে যেতে দেখা যাচ্ছে, কখনও বা জিমে যেতে। বি-টাউনের অনেকই বলছেন সারা-কার্তিক নাকি চুপি চুপি প্রেম করছেন।
বুধবার ঈদ উপলক্ষে চুপিসারে মুম্বইয়ের এক মসজিদেও সারাকে নিয়ে হাজির হয়েছিলেন কার্তিক। আম-আদমির চোখ এড়াতে সারা ও কার্তিক দুজনেই মুখ ঢেকে নিয়েছিলেন। ওড়না দিয়ে মুখ ঢেকেছিলেন সারা, আর কার্তিক রুমাল দিয়ে মুখ ঢাকা দিয়েছিলেন। মুখ ঢাকা অবস্থায় দুজনে সেলফিও তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কার্তিক।
এই ছবি পোস্ট করে ভক্তদের ‘ইদ মুবারক’ও জানিয়েছেন কার্তিক। ভক্তরাও পাল্টা তাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের এই ফটোর নিচে কমেন্ট করেছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান।
সূত্র: বলিউড হাঙ্গামা