এতদিন কাউকে টেরই পেতে দেননি। বুঝতে দেননি কঠিন এক অসুখের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তিনি। সাবেক বিশ্বসুন্দরী তথা বলিউড নায়িকা সুস্মিতা সেন আক্রান্ত হওয়ার পাঁচ বছর বাদে কঠিন সেই রোগের কথা খুলে বললেন।
সালটা ২০১৪। সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ ছবিতে অভিনয় করছিলেন সুস্মিতা। ছবির শুটিং শেষ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটা পরীক্ষা করানোর পর ধরা পড়ে, সুস্মিতার অ্যাড্রিনালিন গ্রন্থি কর্টিসল উৎপাদন বন্ধ করে দিয়েছে। ওই ঘটনার পর সুস্মিতার একের পর এক অঙ্গ-প্রত্যঙ্গ যেন অকেজো হয়ে যেতে থাকে! চিকিৎসকেরা বাধ্য হয়ে স্টেরয়েড নেওয়ার পরামর্শ দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘তখন থেকেই স্টেরয়েড নির্ভর জীবন হয়ে গেল আমার। প্রতি আট ঘণ্টা অন্তর হাইড্রোকর্টিসোন নিতে হয়। কারণ আমার শরীরে ওই হরমোন আর তৈরি হয় না।’
এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরের দুই বছর মানসিক অবসাদে ভুগেছেন। চুল পড়া বেড়ে গিয়েছিল। ফ্যাকাশে হয়ে গিয়েছিল গায়ের রং। ওজন বেড়ে মোটাও হয়ে গিয়েছিলেন। ইদানীং সবকিছু সামলে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসা এই সুন্দরী।