নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে সরব মমতা

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় সংস্কারের দাবি জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একচ্ছত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় খর্ব করার দাবিতে সরব হয়েছেন তিনি। পরিবর্তে উচ্চ আদালতে যে ভাবে বিচারপতি নিয়োগ হয় নির্বাচন কমিশনার নিয়োগের পক্ষে সেই ব্যবস্থা চালুর পক্ষে সোচ্চার হয়েছেন মমতা।

সদ্য অনুষ্ঠিত লোকসভা ভোটের শুরু থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ থেকে ভোট চলাকালীন কমিশনের নানা সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে কেন্দ্রের শাসকদল অর্থাৎ বিজেপির নির্দেশ অনুসারে কাজ করছে বলে নানা সময়ে মমতা অভিযোগ করেছেন।

এমনকী ইভিএমের নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধীরা গুরুতর সন্দেহ প্রকাশ করলেও কমিশন তাতে আমল দেয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে এবার সরাসরি নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে দাবী করলেন মমতা। এক্ষেত্রে কমিশনকে কেন্দ্রীয় সরকারের হাত থেকে মুক্ত করে প্রকৃত অর্থে একটি ‘নিরপেক্ষ’ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপরে জোর দিয়েছেন তিনি।

শুক্রবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রী দাবি করেন, সরকার নয়, কলিজিয়াম তৈরি করে নির্বাচন কমিশন গঠন করা হোক। অর্থাৎ, যে ভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয় সেভাবেই এবার নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্থান টাইমস