যুগ বদলে গেছে। এখন আর মানুষ টিভি’র বোকা পর্দার দিকে মানুষ তাকিয়ে থাকে না। মানুষ ঘরে বাইরে-ভেতরে-অনলাইনে সব জায়গাতেই চোখ রাখে। নাটক সিনেমাও তার নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে হানা দিচ্ছে অনলাইনের বিশাল দুনিয়ায়।
এবারের ঈদে প্রচুর নাটক ও টেলিফিল্ম প্রকাশ হয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে ইউটিউবে। অনলাইন বা ইউটিউব মানেই তো রেকর্ডের লড়াই। সেই লড়াইয়ে নতুন করে নাম লেখাল মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘শিশির বিন্দু’। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। রাজের গল্পে চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিক মেদী। অপূর্ব-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন আহসানুল হক মিনু, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, তপু মোস্তফাসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গান লিখেছেন কবির বকুল। গেয়েছেন শুভ।
দেশ রূপান্তরকে রাজ বলেন, ‘এটা একটা পিউর রোমান্টিক নাটক। এমন রোমান্টিক বিষয়-আশয় এখন সচরাচর পর্দায় উঠে আসে না।’
নাটকটির শুটিং হয়েছে পরান ঢাকায়। ৬ জুন রাত ১১টায় এনটিভিতে নাটকটি প্রচারিত হয়। বেশ ভালো সাড়া ফেলেছে নাটকটি। এদিকে একদিনের মাথায় ইউটিউবেও প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম পর্ব। ইউটিউবে প্রকাশের একদিনের মাথাতেই নাটকটি এক লাখের বেশি দর্শক দেখেছে।