গানের দল ‘আর্টসেল’ ও ‘চিরকুট’ গানের প্রতিযোগিতা ছেড়ে লড়াইয়ে নেমেছেন ক্রিকেটের মাঠে। মাইক্রোফোনের বদলে ব্যাট হাতে তারা একটু পরেই নামবেন মাঠে।
সম্প্রতি ধানমন্ডির একটি মাঠে ব্যাট বল হাতে মাঠে নেমেছিলেন দুই দলের সদস্যরা। আর সেই খেলার দৃশ্য ধারণ করেছে সময় টিভি। আজ রাত ১০টায় প্রচারিত হবে দুই গানের দলের খেলাটি।
ব্যান্ড ‘আর্টসেল’ জানায়, সময় টিভির ঈদ আয়োজনের বিশেষ একটি অনুষ্ঠান এটি। খেলা সম্পর্কে জানালেন চিরকুট ব্যান্ডের গায়িকা সুমিও। বললেন, ‘আনন্দ করতেই মূলত এই আয়োজনে আমাদের যুক্ত হওয়া। তবে খেলতে গিয়ে বুঝতে পেরেছি, রোদে, উত্তপ্ত আবহাওয়ায় ক্রিকেটারদের কতটা পরিশ্রম করতে হয়! আমরা হয়তো অল্পতেই ক্রিকেট দলের সমালোচনা করি। কিন্তু তাদের যে কী পরিশ্রম তা উপলব্ধি করতে পারি না। এ ম্যাচের পর ক্রিকেটারদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।’
চিরকুট ব্যান্ড তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন আজ রাত ১০টায় তাদের ক্রিকেট ম্যাচটি সময় টিভিতে দেখানো হবে। ভক্তদের অনুষ্ঠানটি দেখার আহ্বান জানিয়েছেন তারা।চিরকুট বনাম আর্টসেল ছাড়াও টেলিভিশন চ্যানেলটি নাট্য পরিচালক বনাম শিল্পী এবং দেশ নাট্যদল বনাম নাগরিক নাট্যসম্প্রদায়ের ম্যাচের আয়োজন করে।