ব্যাটসম্যানদের ব্যর্থতা মেনে নিচ্ছেন হোল্ডার

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৮৯ রানের লক্ষ্য তাড়ার পথেই ছিল তারা। লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও মেনে নিলেন তা। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বলে জানালেন।

অধিনায়ক নিজের দায়িত্ব নিয়ে সচেতন ছিলেন। তাই ৫৭ বলে ৫১ রানের দারুণ একটি ইনিংসও এসেছে তার ব্যাট থেকে। কিন্তু পরের দুই ব্যাটসম্যান, যাদের ওপর নজর ছিল বেশি সেই আন্দ্রে রাসেল ও ক্রেইস ব্রাফেটই ছিলেন ব্যর্থ। তুলে মারতে গিয়েই আউট হন এ দুজন। হোল্ডার জানান, ‘সবাইকে নিজের ভুল বুঝতে হবে। আরও বেশি দায়িত্ব নিতে হবে। বিশেষ করে রান তাড়ার সময় আমাদের আরও একটু দায়িত্বশীল হতে হবে। আর এটাও নিশ্চিত করতে হবে ইনিংসের শেষ পর্যন্ত শুরুর চার ব্যাটসম্যানের একজনকে টিকে থাকতে হবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুযোগ হারানোয় এখনো হোল্ডারের আক্ষেপ, ‘আমরা সত্যিই দারুণ একটি সুযোগ হারিয়েছি।’