ঈদে রাজধানীর সিনেমা হলে দর্শকখরা

প্রতি বছরই ঈদে মুক্তি পায় নতুন মুভি। দর্শকও বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে একটু বেশিই হলমুখী হন। এবারের ঈদেও তিনটি নতুন মুভি মুক্তি পেয়েছে। তবে দর্শকের উপচেপড়া ভিড় নেই রাজধানীর সিনেমা হলগুলোতে। বিশ্বকাপ খেলা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দর্শকখরা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সারা দেশে শাকিব অভিনীত ‘পাসওয়ার্ড’ মুভিটি বেশ ভালোই চলছে বলে জানা গেছে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘সারা দেশের সিনেমা হলে দর্শক ভালো হচ্ছে। ঈদের প্রথম সপ্তাহে রাজধানীর হলগুলোতে দর্শক একটু কমই থাকে। সবাই ঈদ করতে বাড়ি চলে যায়। দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকার হলগুলোতে দর্শক বাড়তে থাকে।’

বিশ্বকাপ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই দর্শক কম বলে মনে করছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘এবার তো আগে থেকেই একটু শঙ্কা ছিল। একদিকে বিশ্বকাপ এবং অন্যদিকে খারাপ আবহাওয়ার কারণে লোকজন তো ঘর থেকে বের হচ্ছে কম। তবে বাংলাদেশের খেলার দিন ছাড়া অন্যান্য দিন দর্শক ভালোই হচ্ছে। অবশ্য সেটা বিগত বছরের তুলনায় একটু কম।’

এবারের ঈদে মোট ২৫০ হলে মুক্তি পেয়েছে তিনটি নতুন মুভি। বিগত কয়েক বছরের মতোই এবারও সিনেমা হলে এগিয়ে শাকিব খান। এই তারকার দুটি মুভি মুক্তি পেয়েছে দুই শতাধিক সিনেমা হলে।