আলোচনার প্রস্তাব দিয়ে মোদিকে ইমরানের চিঠি

অধিকৃত কাশ্মীরসহ সব অমীমাংসিত ইস্যু সমাধানে আলোচনার প্রস্তাব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এনডিটিভি জানায়, চিঠিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ইমরান।

এর আগে বিশকেকে এসসিও বৈঠকের মাঝে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হবে না বলে জানিয়ে দেয় ভারত। এর একদিন পরেই কাশ্মীরসহ অন্যান্য অমীমাংসিত বিষয় সমাধানে আলোচনার প্রস্তাব দেয় পাকিস্তান।

ইমরান খান বলেন, দুই দেশের দারিদ্র্য দূরীকরণের একমাত্র পথ আলোচনা। পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে কাজ করা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এনিয়ে দ্বিতীয়বার ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী।

এর আগে নয়াদিল্লিতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও বৈঠকের মাঝে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় স্বাধীনতাকামীদের হামলার ঘটনায় বালাকোটে ভারতের বিমান হামলা এবং জবাবে পাকিস্তানের পাল্টা আক্রমণে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।