মালিককে বাঘের থাবা থেকে বাঁচিয়ে বিস্ময় সৃষ্টি করেছে একটি পোষা কুকুর। ভারতের মধ্যপ্রদেশের সিওনি জেলায় এই ঘটনা ঘটেছে।
গত সপ্তার এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও ঠাঁই পেয়েছে। কানাডাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ভাইস’ শুক্রবার বিষয়টি নিয়ে বড় একটি প্রতিবেদন ছেপেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী পঞ্চম গাজবা তার ভাইয়ের সঙ্গে পরশমণি গ্রাম লাগোয়া ঘন জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি বাঘ পঞ্চমকে আক্রমণ করে।
ওই সময় তাদের সঙ্গে থাকা কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার জুড়ে দেয়। সেই চিৎকার শুনে বাঘ যায় ভড়কে। হিংস্র প্রাণীটি তখন পঞ্চমকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ততক্ষণে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে।
দ্বিতীয় জীবন ফিরে পেয়ে পঞ্চম বলেন, ‘মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। বাঘটা আমার সামনে এসে দাঁড়িয়েছিল। গলা কামড়ে ধরবে তখনই কুকুরটা চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে আশপাশের গ্রামের লোকেরা ছুটে আসে। সবাইকে আসতে দেখে বাঘও ভয়ে পালিয়ে যায়।’
বাঘের থাবায় পঞ্চম বেশ আহত হয়েছেন। গলায় একটি ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে, সেরে উঠতে সময় লাগবে।