সরকারি চাল নিয়ে সংঘর্ষে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই কেন্দ্রীয় নেতার সমর্থকদের সংঘর্ষে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শনিবার বিকেলে উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য এবং দলেটির চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঞা তার সমর্থক শাহবাজপুর ফার্স্ট গেট এলাকার যুবদল নেতা জুনায়েদকে টিআর এর চাল বরাদ্দ দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয় বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক সেকেন্ড গেট এলাকার যুবদল নেতা জুয়েল।

অভিযোগ ওঠে জুয়েল উকিল আবদুস সাত্তার ভূঞা এমপিকে গালি-গালাজ করে। এ ঘটনায় সাত্তার সমর্থক জুনায়েদ প্রতিবাদ জানায়। এ নিয়ে দুই দলের মধ্যে বিরোধ তৈরি হয়।

শনিবার বিকেল ৪টার দিকে জুয়েল সমর্থকরা জুনায়েদ সমর্থক ব্যবসায়ী বাবুল মিয়াকে মারধর করলে দু,দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ায় মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হন বলে জানা গেছে।

খবর পেয়ে ভৈরব থেকে র‌্যাব সদস্য ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঞা বলেন, বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মহাসড়ক কিছু সময় বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা মহাসড়ক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।