ঈদ আনন্দের অংশ হিসেবে রাজধানী ঢাকায় গান শোনালেন ভারতের মুম্বাইয়ের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রূপসা মুখার্জি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ‘লাইভ মিউজিক বাই রূপসা মুখার্জি’ শীর্ষক সংগীতসন্ধ্যা।
এই আয়োজনে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের গানের সুর ছড়িয়ে দিয়ে লোকসংগীত ও কাওয়ালির অনবদ্য পরিবেশনায় আয়োজন জমিয়ে তোলেন ভারতীয় এই শিল্পী।
অল ইন্ডিয়া রেডিওতে গাওয়া কাওয়ালি ‘ইয়া পরওয়ারে দিগার আল্লাহ’ পরিবেশনার মধ্য দিয়েই শুরু করেন পরিবেশনা। এরপর তিনি একে একে গেয়ে শোনান সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবির গান ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’। ভারতীয় বাংলা সিনেমা ‘অতিথি’র গান ‘বৃষ্টি এলো’, জি বাংলা সিনেমার ‘লাভ ক্যাফে’ চলচ্চিত্রের ‘ও সজন’।
এরপর গেয়ে শোনান রবীন্দ্রনাথের গান ‘আমার পরান যাহা চায়’ ও ‘পুরোনো সেই দিনের কথা’। এরপর তিনি গেয়ে শোনান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নূরজাহান-নূরজাহান’ ও ‘কাবার জিয়ারতে’ নামের দুটি গান। ফকির লালন সাঁইয়ের ‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে’, আবহমান বাংলার জনপ্রিয় লোকগান ‘ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলায় নাচে’ ও জনপ্রিয় গান ‘তোমায় হৃদমাঝারে রাখবো ছেড়ে যাবো না’ গেয়ে মাতিয়ে রাখে দর্শক-শ্রোতাদের।
বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সুপারস্টার প্রয়াত আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে ভারতের এই শিল্পী পরিবেশন করেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। এভাবেই দীর্ঘ সময় সুরের জাদুতে মুগ্ধ করেন ঢাকার দর্শক-শ্রোতাদের।