রাশিয়ার কাছ থেকে কেনা হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান হেলিকপ্টারসের সদর দপ্তরে গত ৩০ মে এটি সই হয়। এতে বিজিবির পক্ষে মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও রাশিয়ান হেলিকপ্টারসের ডিরেক্টর সেলস আরটেম ফেটিসভ চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহের চুক্তি সম্পাদিত হয়। গতকাল শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহিসিন রেজা এ তথ্য জানিয়েছেন।
চুক্তি অনুযায়ী রাশিয়ান হেলিকপ্টারস বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদেরকে অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে রাশিয়ার উলান-উদেতে অবস্থিত এভিয়েশন ট্রেনিং সেন্টার ও বাংলাদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।