আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ওয়ার্কার্স পার্টি আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত দেশে যেভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আসন্ন নির্বাচনও যদি সে ধারায় না হয় তবে ওয়ার্কার্স পার্টি তা মেনে নেবে না। গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাদশা বলেন, ‘ওয়ার্কার্স পার্টি চায় আগামী ১৮ জুন উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অংশগ্রহণমূলক হোক এবং এতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনে এর অন্যথা হলে ওয়ার্কার্স পার্টি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।’ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মিসভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু।