শ্বশুর হত্যার অভিযোগে জামাতা আটক

কুমিল্লার চান্দিনায় ছোট ভাইয়ের কাছে শ্যালিকাকে বিয়ে না দেওয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নগরকান্দি গ্রামের একটি খাল থেকে শ্বশুর মোহাম্মদ আলীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে জামাতা ইমাম হোসেনকে।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই ইমাম হোসেন তার ছোট শ্যালিকা রীমা আক্তারকে ছোট ভাইয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু ওই প্রস্তাব মেনে নেয়নি মোহাম্মদ আলীসহ তার পরিবার। এর মধ্যে রমজান মাসে রীমার বিয়ে ঠিক হয় অন্যত্র। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রবিবার বিয়ের সব প্রস্তুতিও নেওয়া হয়। বিয়ের কেনাকাটা করতে শনিবার সকাল ৯টায় মোহাম্মদ আলী তার এক ভাতিজাকে নিয়ে দোল্লাই নবাবপুর বাজারে যান। সেখানে একটি মুদি দোকানে কেনাকাটার সময় ইমাম হোসেন শ্বশুর মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে যান। এরপর কয়েক ঘণ্টা কেটে গেলেও তাদের আর খোঁজ না পেয়ে মোহাম্মদ আলীর ভাতিজা বাড়ি ফিরে যান।

পরে দুপুর দেড়টার দিকে নগরকান্দি গ্রামের একটি জমিতে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলার সময় পার্শ্ববর্তী খালে মোহাম্মদ আলীকে পড়ে থাকতে দেখে। তারা তাকে উদ্ধার করে দোল্লাই নবাবপুর বাজারের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল বলেন, ‘শ্বশুরকে হত্যার পর জামাতা সবার চোখ ফাঁকি দিতে আবার শ্বশুরালয়ে ফিরে আসে। নিহতের মরদেহ উদ্ধারের পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।