খিলগাঁওয়ে স্ত্রী হত্যার অভিযোগ

রাজধানীর খিলগাঁওয়ের নবীনবাগের একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলেয়া আক্তার হোসনা (২৪)। ঈদের দিন রাত ১০টা থেকে পরদিন দুপুর ১২টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মনির হোসেন পলাতক রয়েছে। গতকাল শনিবার ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

খিলগাঁও থানার এসআই শেখ জসিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, চা দোকানি মনির হোসেনের সঙ্গে বিয়ের পর ৬ মাস ধরে একসঙ্গে ভাড়া বাসায় থাকত আলেয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে বিষ খাইয়ে বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আলেয়ার বাবা আব্দুল আউয়াল জানান, মনিরের আগের একটি স্ত্রী আছে। ঈদের দিন আলেয়ার গলার চেইন, কানের দুল জোর করে নিয়ে প্রথম স্ত্রীকে দিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। হোসনাকে মারধর করে মনির। ঈদের পরদিন দুপুরে ওই বাসার খাটের ওপর থেকে আলেয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মনির চা দোকানি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করত।