বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টেন্ট ব্রিজে উইন্ডিজের বিপক্ষে ৬০ বলে ৯২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিং অলরাউন্ডার নাথান কুল্টার-নাইল। এখন পর্যন্ত দু’ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে অজিরা। তবে এমন ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়লেও অবাক হবেন না বলে জানিয়েছেন কুল্টার-নাইল।
৩১ ওভারে অ্যালেক্স ক্যারিকে (৪৫) যখন আন্দ্রে রাসেল আউট করেন তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ১৪৭ রান। ক্রিজের এক প্রান্তে ছিলেন স্টিভেন স্মিথ। শুধু দরকার ছিল অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গ দেওয়া। কুল্টার-নাইল করেন সেই কাজটি। এরপর স্মিথ ৭৩ রানে আউট হলেও দলকে শক্ত অবস্থানে নিয়ে যান এই দীর্ঘদেহী। ৪৯তম ওভারে যখন আউট হন তিনি অজিদের সংগ্রহ তখন ২৮৪ রান। শেষ পর্যন্ত ২৮৮ রানে থামে তাদের ইনিংস। অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১৫ রানে। ৯২ রানের ইনিংস খেলার পথে ৮ চার ও ৪ ছক্কা হাঁকান কুল্টার-নাইল।
বিশ্বকাপ ইতিহাসে আট নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস খেলার পরও দল থেকে বাদ পড়ার শঙ্কায় আছেন তিনি। কারণটাও জানিয়েছেন। মূলত কুল্টার-নাইল খেলেন বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু অস্ট্রেলিয়ার ২ ম্যাচের কোনোটিতেই উইকেট পাননি তিনি। উইন্ডিজের বিপক্ষে ১০ ওভার বল করে দিয়েছেন ৭৪ রান। কুল্টার-নাইল বলেন, ‘আমাদের (সাইড বেঞ্চে) দুজন বিশ্বমানের (ফাস্ট) বোলার আছে। আমি দলে রান করার জন্য আসিনি, সেটা টপ অর্ডার করবে। তাই আমি অবাক হবো না যদি পরবর্তী খেলায় দলে না থাকি। আমি দলে আছি উইকেট নেওয়ার জন্য আর দুই ম্যাচে আমি কোনো উইকেট পাইনি। দেখা যাক কী হয়।’