হিনা খান। ভারতে টেলিভিশনের ‘পারফেক্ট বহু’ ছিলেন টানা আট বছর। বরাবরই দিয়েছেন সাহসের পরিচয়। তাই কাশ্মীরের রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার ‘স্পর্ধা’ দেখিয়েছিলেন। জনপ্রিয় সিরিয়াল ছেড়ে ঢুকে গিয়েছিলেন ‘বিগ বস’-এর ঘরে।
এই ব্যতিক্রমী ভাবমূর্তির জন্যই হিনা খান আজ ‘গ্লোবট্রটার’। কান্দিভালির স্টুডিও থেকে পৌঁছে গেছেন কান চলচ্চিত্র উৎসবের সুসজ্জিত রেড কার্পেটে। কিন্তু গ্ল্যামার দুনিয়ায় শুরুটা কেমন হয়েছিল হিনার?
১৯৮৭ সালে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম হিনার। ভাই ইমরান একটি ট্রাভেল এজেন্সি চালান। বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন হিনা। গুরুগ্রামের সিসিএ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাস করেন তিনি।
অভিনয়ের কোনো প্রশিক্ষণ নেননি হিনা। আলাদা করে নিজের পোর্টফোলিও-ও তৈরি করেননি। নিজেই সে কথা জানিয়েছেন হিনা। ২০০৯-এ বন্ধুদের জোরাজুরিতে একদিন একটি অডিশনে পৌঁছে যান তিনি।
অভিনয়ের প্রশিক্ষণ না থাকলেও অডিশনে উতরে যান হিনা। মুখ্য ভূমিকায় তাকে নিয়ে তৈরি হয় ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়।’ বাকিটা ইতিহাস। ওই একটি মাত্র সিরিয়ালের দৌলতে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন হিনা খান।
২০১৬ সালে আচমকাই সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বছরের পর বছর ‘পারফেক্ট বহু’ হতে হতেও একঘেয়ে লাগছিল।
হিনার সিরিয়াল ছাড়ার সিদ্ধান্তে তার সহকর্মীরাও স্তম্ভিত হয়ে যান। কিন্তু পরে এক সাক্ষাৎকারে হিনা জানান, ‘‘দিনের পর দিন বহু সেজে থাকতে বিরক্ত লাগছিল। নতুন কিছু করার ছিল না। তাই বেরিয়ে আসি। মন দিই শরীরচর্চায়, যাতে আমাকে দেখে আর কেউ বউমা না ভাবেন।’
‘ইয়ে রিস্তা...’ ছাড়ার পর ২০১৭-য় অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর’ এবং ‘খতরোঁ কি খিলাড়ি’-তে অংশ নেন হিনা। দু’বারই রানার আপ হন তিনি। এরপর ওই বছরই সালমান খানের ‘বিগ বস’-এ অংশ নেন হিনা।
তবে, ‘বিগ বস’ জিততে না পারলেও তারপরই স্টারডমের পথে যাত্রা শুরু হিনা খানের। বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি। ‘স্মার্টফোন’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেন। হিনার জনপ্রিয়তা দেখে এরপরই তাকে ‘কসৌটি জিন্দেগি কে-২’ সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন একতা কাপুর।
হাতে গোনা কয়েকটি এপিসোডের পরই সিরিয়াল ছেড়ে দেন তিনি। আর তারপরই ফরিদা জালালের সঙ্গে নারীকেন্দ্রিক ‘লাইন্স’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এই ছবির সূত্রেই সম্প্রতি কান যাত্রা হিনার। একদিন তিনিও অস্কার হাতে ছবি পোস্ট করার স্বপ্ন দেখেন বলে জানান হিনা।
এই মুহূর্তে ‘সোলমেট’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি করেছেন হিনা। এ ছাড়াও বিক্রম ভাটের সঙ্গে কাজ করতে চলেছেন। রাহত কাজমির পরিচালনায় ‘উইশ লিস্ট’ ছবির শুটিং প্রায় শেষ হওয়ার পথে।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা হিনা। ‘ইয়ে রিস্তা...’-র সময় থেকে সিরিয়ালের সুপারভাইজিং প্রযোজক রকি জয়সওয়ালের সঙ্গে প্রেম তার। রকি কলকাতার ছেলে।