টাকা ফেরত চাওয়ায় প্রেমিককে ডেকে নিয়ে মাথা থেঁতলে হত্যা

নতুন সম্পর্কে জড়িয়েছেন প্রেমিকা। তাই ধার দেওয়া টাকার ফেরতের কথাটা তুললেন প্রেমিক। কিন্তু টাকা ফেরত না দিয়ে নতুন প্রেমিককে নিয়ে মাথা থেঁতলে তাকে হত্যা করে ডিভোর্সি ওই নারী।

শনিবার ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে।

মগরা থানা পুলিশ জানায়, নিহত তরুণের নাম মোহাম্মদ আনোয়ার (২৬)। এ ঘটনায় ব্যান্ডেল থেকে প্রেমিকা লক্ষ্মী রায় ও তার নতুন প্রেমিক কৃষ্ণবাউল দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই সময় জানায়, শুক্রবার রাতে আনোয়ারকে ফোন করে মগরায় ডেকে নেন লক্ষ্মী। কৃষ্ণবাউলের সঙ্গে মগরা পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিলেন ওই মহিলা।

গভীর রাতে সেখানেই দেখা করতে আসেন আনোয়ার। শুরু হয় দু’পক্ষের বচসা। লক্ষ্মী ও তার সঙ্গী মিলে আনোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগ, কৃষ্ণবাউলই আনোয়ারকে ইট দিয়ে থেঁতলে খুন করে এবং ইট দিয়ে আঘাত করে তার বাঁ চোখ নষ্ট করে দেয়। ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। ভোরে আনোয়ারের দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, কয়েক বছর আগে লক্ষ্মী স্বামীকে ছেড়ে কৃষ্ণবাউলের সঙ্গে তার ব্যান্ডেলের বাড়িতে থাকছিলেন। এর মধ্যে আনোয়ারের সঙ্গে তার সম্পর্ক গড়ায় প্রেমে।

লক্ষ্মী আনোয়ারের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন। বারবার চাওয়া সত্ত্বেও টাকা ফেরত দেয়নি তিনি। পাশাপাশি কৃষ্ণর সঙ্গে লক্ষ্মীর সম্পর্কের কথা জেনে ফেলেন আনোয়ার। সেটা বুঝতে পেরেই আনোয়ারকে সরিয়ে দেওয়ার ছক কষেন দুজন।

মগরার তৃণমূল নেতা রঘুনাথ ভৌমিক বলেন, “ছেলেটি এলাকায় জনপ্রিয় ছিল। যে কারণে এ দিন অনেক মানুষ আমাদের কাছে এসেছিলেন অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে। তবে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।”

মগরা থানার অফিসার ইনচার্জ (ওসি) অমিত মিত্র জানান, প্রেমের জেরেই এই খুন হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।