ঢাকার প্রতিটি বাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার বসানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
এসময় গ্যাসের সরবরাহ বাড়ায় দাম ‘সমন্বয়ের’ কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশেষ করে কলকারখানায় গ্যাসের চাপ বেড়েছে। আগে যেখানে ছয় ঘণ্টা উৎপাদন চলতো এখন ২৪ ঘণ্টা উৎপাদন কাজ চালানো যাচ্ছে। ফলে দাম কিছুটা বাড়লেও আগের তুলনায় উৎপাদন অনেক বাড়ায় উৎপাদন খরচে তেমন প্রভাব পড়বে না।
এছাড়া আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে বলেও জানান নসরুল হামিদ।