সেই বিমানটির খোঁজ দিলে ৫ লাখ দেবে ভারত

হারিয়ে যাওয়া বিমানটি খুঁজতে খুঁজতে রীতিমতো দিশেহারা ভারতীয় বিমানবাহিনী। এখন বাধ্য হয়ে তারা ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে।

প্রায় এক সপ্তাহ আগে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বেশ কয়েক জন যাত্রীসহ হারিয়ে যায়। কিন্তু এখনো মেলেনি বিমানটির ধ্বংসাবশেষেরও হদিশ। তাই শেষ পর্যন্ত ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিল সেনারা।

এওসি-ইন-কম্যান্ড, ইস্টার্ন এয়ার কমান্ড এয়ার মার্শাল আর ডি মাথুর জানিয়েছেন, যে কোনও ব্যক্তি বা কোনও সংস্থা যদি উপযুক্ত তথ্য দিতে পারে যার ভিত্তিতে বিমানটিকে খুঁজে পাওয়া সম্ভব হয়, তাহলে সেই ব্যক্তি বা সংস্থাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবে ভারতীয় বিমানবাহিনী।

উদ্ধারকাজে ভারতীয় সেনা এবং অরুণাচল পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।

গত সোমবার দুপুর ১টা নাগাদ আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় এএন-৩২ পণ্যবাহী বিমানটি। তখন বিমানটিতে আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন ছিলেন।