সাগরে মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের লোকজন।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ১০টার কিছুক্ষণ পরে জেলেপাড়ার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিলে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার আগে অবরোধ প্রত্যাহার করে নেয় জেলেরা।
জেলে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ মে থেকে ২৩ জুলাই ২ মাসেরও অধিক সময় সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় বড় নৌযানের পাশাপাশি ছোট নৌযানেও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু এই দীর্ঘ সময় জেলেদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে তারা মানবেতর দিন কাটাচ্ছেন। এর প্রতিবাদে ইতোপূর্বে চট্টগ্রাম সার্কিট হাউসে মানববন্ধন ও গত ১ জুন চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস কল্যাণ সমিতি।
সেখানে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় মৎস্যজীবী নেতারা।
এ বিষয়ে মৎস্যজীবী কল্যাণ সমিতির সভাপতি লিটন জলদাস বলেন, “মাছ ধরার দৈনিক আয় দিয়েই আমরা সংসার চালাই। দুই মাসের বেশি সময় মাছ না ধরলে আমরা খাব কি। প্রতিবার নিষেধাজ্ঞার সময় ছোট নৌযানে মাছ ধরে আমরা সংসার চালাই। কিন্তু এবার সে সুযোগও দিচ্ছে না। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে সাড়া না পেয়ে রাস্তায় অবস্থান নিয়েছি।”
সীতাকুণ্ড উপজেলা ইউএনও মিল্টন রায় বলেন, “জেলেদের দাবির বিষয়ে আজকেই তাদের সাথে ডিসি স্যার বৈঠক করবেন।”