সাতক্ষীরায় বাসের সঙ্গে পুলিশভ্যানের সংঘর্ষে আহত ৫

সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহী বাস ও পুলিশের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমানসহ ৫ জন আহত হয়েছেন।

কালিগঞ্জ থানার উিউটি অফিসার এএসআই মোমিন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ওসি হাসান হাফিজুর রহমানের অবস্থা গুরুতর বিবেচনায় ঢাকার ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. জামিরুল ইসলাম।

কনস্টেবল বখতিয়ারকে ও পুলিশ কাভার্ডভ্যানের চালক অমিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নলতা হাসপাতালের ডিউটি অফিসার ডা. আবু হাসান।

এছাড়া যাত্রীবাহী বাসের অন্তত আহত সাতজনকে তিনি চিকিৎসা দিয়েছেন বলেও ডা. হাসান জানিয়েছেন। বাসযাত্রী ফরিদা খাতুন, পারভিন আক্তার, শাহীনুর রহমান ও সুমাইয়া পারভিনকেও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমানকে বহনকারী পুলিশের কাভার্ডভ্যানটি সাতক্ষীরার দিক থেকে কালিগঞ্জের দিকে যাওয়ার পথে দেবহাটার জগন্নাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের (যশোর জ ০৪০০৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পুলিশ কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। মারাত্মক আহত হন ওসি হাসান হাফিজুর রহমান। আহত হন তার সঙ্গে থাকা আরও ৫জন। পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে বাসের ড্রাইভার দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।