‘ও সাথী রে, যেও না কখনো দূরে’ স্বপ্নের ঠিকানা ছবির এই গানটিতে ঠোঁট মিলিয়েছেন সর্বকালের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোরের গাওয়া এই গানটি নব্বই দশকের তরুণরা মুখে মুখে বলত। প্রেমিক-প্রেমিকাদেরও এই গান পছন্দ ছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই গানটি এবার নতুন আঙ্গিকে তৈরি করা হলো। ৩ জুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির নতুন ভার্সন প্রকাশ করা হয়।
এবার গানটি গেয়েছেন নিলয় বিএইচএন। তবে নতুন গানটিতে কেবল কোরাস লাইনগুলো আগের গান থেকে রাখা হয়েছে। বাকি পুরোটা গান নতুন কথা-সুরে সাজানো হয়েছে।
মনিরুজ্জামান মনিরের লেখা ‘ও সাথী রে’র সঙ্গে নতুন কথা যুক্ত করেছেন নিলয় বিএইচএন। নতুন অংশের সুরও তিনিই করেছেন। সংগীতায়োজন করেছে এলএমজি বিটস। গানে র্যাপ গেয়েছেন শুভ্র সাহা।
ভিডিওতে মডেল হয়েছেন নিলয় বিএইচএন, তাহা ও শুভ্র সাহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জায়েদ জাদ। পুরো প্রজেক্টটি তত্ত্বাবধান করেছেন ঈশা খান দূরে।