প্রায় দেড় মাস পর বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে সর্বশেষ ২৪ এপ্রিল জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক করে এ জোট।
সোমবার বিকাল সাড়ে ৪টায় জোটের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এই বৈঠক শুরু হয়েছে।
আলোচনার বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন জোটের কোনও বৈঠক হয় না। আজ সবাই বৈঠকে বসছেন। আগামী দিনের আমাদের করণীয় নিয়ে কথা হবে। আমরা কী করতে পারবো, আর কী করতে পারবো না, তা নিয়ে আলোচনা হবে। নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার তো দরকার আছে।’
বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ীর কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক বীর হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ডা. জাহিদুর রহমান, নাগরিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানান দেশ রূপান্তরকে।